• আজ

‘৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট’

‘৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট’

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন। এ সফরে তিনি জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন। এদিকে আগামী বছরের শুরুতে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা ও কার্যক্রম শুরু, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন জাতীয় সংসদে পাস এবং রেললাইন নির্মাণের উদ্যোগ উল্লেখযোগ্য। আগামী মাসে অথবা জানুয়ারিতে রেললাইন নির্মাণের কাজ শুরু হতে পারে।

তিনি জানান, ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধন এবং জনসভায় অংশ নিতে পারেন। পাশাপাশি গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কর্মসূচি ও সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গোবিন্দগঞ্জের কর্মসূচি শেষে বগুড়ায় ফিরে সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন তিনি। বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য এক থেকে দুই মাস পর প্রধানমন্ত্রী আলাদা আরেকটি দিন সময় দেবেন।

সাংগঠনিক সভায় জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন। সভাস্থলের আসনসংখ্যা সীমিত হওয়ায় প্রায় এক হাজার থেকে এক হাজার ১০০ জনের অংশগ্রহণের সুযোগ থাকবে।

এবারের সফরে প্রধানমন্ত্রী বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জেলার সার্বিক বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেখানে তিনি নেতাকর্মীদের বিভিন্ন বার্তা দেবেন। যেখানে থাকবে ২০ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়নের পরিকল্পনা। এছাড়া বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনকে শক্তিশালী করতে একগুচ্ছ নির্দেশনাও দেবেন তিনি। একইসঙ্গে তিনি বগুড়াকে মডেল হিসেবে বিবেচনায় নিয়ে সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নানা পরিকল্পনা দেবেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, আইনের শাসনভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবির বিষয়ে মোশারফ হোসেন বলেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বগুড়াকে বিভাগ করা হলে শুধু এ জেলার মানুষ নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বগুড়াকে বিভাগ করার বিষয়টি সরকারের কাছে তাদের প্রত্যাশা থাকবে।

বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বগুড়া বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরা হয়। আপাতত উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মামুনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন।