• আজ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার দেওয়া বিষয়ে আনসারের বিবৃতি

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার দেওয়া বিষয়ে আনসারের বিবৃতি

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার একদল দুর্বৃত্ত ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। এ কারণে ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে তারা।

শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহ করতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মীরা খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন।

একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয় বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে দাবি করেছে বাহিনীটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। খাবার সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের জিম্মি করা, ভয়ভীতি দেখানো এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচার চালানো হয়েছে বলে দাবি করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

, ,