
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। খবর পেয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ফেলেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি মোটরসাইকেলে করে ৬-৭ জন লোক স্বাধীনতা চত্বরের সামনে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে তারা সেখানে ঝটিকা মিছিল করেন। স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। হেলমেট ও মাস্ক পরিহিত থাকায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘পুলিশ সারারাত নিরলসভাবে দায়িত্ব পালন করেছে। সকালে দায়িত্ব শেষে পুলিশ সদস্যরা বিশ্রামে ছিলেন। বিষয়টি জানার পর গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ধ্বংস করে।’
তিনি আরও বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের পরিচয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’























