
বর্তমান বিএনপি সরকারের আমলে সরকারের দিক থেকে কোনো গুম বা খুনের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬২টি বৃক্ষ রোপণের এ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ হাসান খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে কেবল দলীয় স্লোগান হিসেবে নেননি, বরং তা ধারণ করে সবাইকে নিয়ে দেশ গড়তে চান। বর্তমান বিএনপি সরকারের দিক থেকে এখন পর্যন্ত কোনো গুম বা খুনের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে ভালোবেসে ও জীবন উৎসর্গ করে এখানে এসেছেন এবং ১/১১ এর সময় সরকারের নির্যাতনের মুখেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। গত ৫০ বছর ধরে জিয়া পরিবার বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে আসছে। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে ছাত্রদল ও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
কেক কাটার বদলে বৃক্ষরোপণের উদ্যোগের প্রশংসা করে ইউট্যাব মহাসচিব জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ, কপ-৩১ সম্মেলন এবং বিএনপির ৩১ দফার ২৯ নম্বর দফায় জলবায়ু সুরক্ষা ও বনায়নের গুরুত্বের কথা তুলে ধরেন। পাশাপাশি রোপণ করা গাছগুলো যেন নিয়মিত পরিচর্যা পায় এবং একটি গাছও যেন মারা না যায়, সেদিকে খেয়াল রাখতে ছাত্রদল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জন্মদিনের আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন। ছাত্রদলের পক্ষ থেকে জন্মদিন পালনের বিভিন্ন কর্মসূচির প্রস্তাব দেওয়া হলেও তিনি বিনয়ের সঙ্গে তা না করেছেন। তবে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ওপর সরকারের গুরুত্বের ধারাবাহিকতায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে ঢাবি ছাত্রদল প্রতীকীভাবে ৬২টি গাছ রোপণের এই উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রদলের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। মা বেগম খালেদা জিয়া ও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি দেশের মাটি ও মানুষের নিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা রাখবেন বলে ছাত্রদল প্রত্যাশা করে। যেকোনো সংকটে ছাত্রদল রাজপথে থেকে তাঁর পাশে থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ সময় শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।























