
স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?
এদিকে, সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন-এ পাঁচ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।























