• আজ

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, জড়িতদের শনাক্ত করতে সিসি ক্যামেরা বসাচ্ছে ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, জড়িতদের শনাক্ত করতে সিসি ক্যামেরা বসাচ্ছে ডিএমপি

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ অবস্থায় নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, দূতাবাস, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সড়কের আশপাশে এসব বিস্ফোরণের ঘটনা ঘটায় জননিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাশকতায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মুগদা থানার ভেতরে ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। এ ছাড়া রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে, যমুনা ফিউচার পার্কের প্রবেশপথে, বাড্ডা লিংক রোডে জর্জিয়া দূতাবাসের সামনে, মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি এবং শাহবাগ ফুল মার্কেটের সামনেও ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের ৬৭ নম্বর ওয়ার্ডের গলাকাটা এলাকায় বিএনপি নেতা দুলাল মেম্বারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে কয়েকজন যুবক ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে, একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, দূতাবাস ও সরকারি স্থাপনার আশপাশে এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।এ পরিস্থিতিতে রাজধানীর নিরাপত্তা জোরদার এবং ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করছে ডিএমপি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমকে জানান, মিরপুর এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কাজ চলছে। ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে এলাকার গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর মিরপুর, মালিবাগ, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফ্লাইওভারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।