• আজ

একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নেতৃত্ব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠান শাখার উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনটি নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এসব নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও রয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আবাসন, খাবার, চিকিৎসা, পানি ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নে ছাত্রশিবির কাজ করছে।

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, শুধু শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার সার্থকতা নয়। শিক্ষিত হয়ে কেউ যদি দুর্নীতি, ঘুষ ও অন্যায় কাজে জড়িত হন, তাহলে তাঁর শিক্ষার কোনো মূল্য থাকে না। তিনি বলেন, “একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো। আমরা এমন সন্তান চাই না, যারা উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন পদে বসে ঘুষ ও দুর্নীতি করবে। আমরা চাই সোনার মানুষ, যারা মানবতা, দেশ, জাতি, ঈমান ও ইসলামের জন্য কাজ করবে এবং জনগণের সেবা করবে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের ন্যায়, সততা ও আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, পোশাক, আখলাক ও ব্যক্তিত্বে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি মো. রাকিব হাসান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী এবং অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।

এ ছাড়া বক্তব্য দেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, আইন সম্পাদক আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক হাসানুল বান্না এবং সাতক্ষীরা সিটি কলেজ শাখার সভাপতি মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ।

অনুষ্ঠানে সেমিস্টারভিত্তিক ফলাফলে প্রথম স্থান অর্জনকারী ১৪ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পবিত্র কোরআন, চাবির রিং, বিভিন্ন ইসলামি বই ও ছাত্রশিবিরের পরিচিতিমূলক সামগ্রী উপহার এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আলফি সাহরিয়া লাম ও অফিস সম্পাদক সাকিব আল হাসান।