
কারাগারে থাকা সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের শারীরিক অবস্থা নিয়ে আদালতে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে আসছে। এমনকি প্যারালাইজড হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন তিনি।
এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। তবে তার পছন্দের হাসপাতালে চিকিৎসার নির্দিষ্ট অনুমতি দেননি আদালত। শুনানি শেষে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় এদিন পলককে আদালতে হাজির করা হয়। তবে মামলার অন্য আসামিদের উপস্থিত না করায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় তাকে আদালতে তোলা হয়।
আদালতে হাজির হওয়ার পর নিজের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে ডেকে নেন পলক। এসময় হোসেন হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাক্ষীদের জেরার প্রস্তুতি নিতে আইনজীবীকে নির্দেশনা দেন তিনি।
পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতার কথা জানান। আইনজীবীকে পলক বলেন, তার কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। এতে প্যারালাইজড হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি রয়েছে বলেও উল্লেখ করেন। এ কারণে সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করতে আবেদন জানান তিনি। পরে পলকের নির্দেশনা অনুযায়ী আদালতে চিকিৎসার আবেদন করেন তার আইনজীবী।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, তার মক্কেল দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বুধবার আদালতে পলক তাকে জানান, কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে আসছে এবং প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন। এরপর সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত কারাবিধি অনুসরণ করে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।























