• আজ

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটি বাংলাদেশে সব ধরনের সহিংসতার বিরোধিতা করে সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বাংলাদেশি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করি।’

এর আগে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান জানতে চেয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কাছে প্রশ্ন রেখেছিল সংবাদমাধ্যমটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জবাব আসার সময় গ্রামীণ ব্যাংকের যেসব শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গ্রামীণ ব্যাংক বা ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করেনি। এসব সহিংসতার জন্য দায়ীদের বিষয়েও কোনো মন্তব্য করেনি।

দরিদ্র নারীদের আর্থিক সেবা দেয়ার পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ হিসেবে পরিচিত গ্রামীণ ব্যাংক। ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।