• আজ

মেট্রোরেলের পিলারে ডিএনসিসির আঁকা গ্রাফিতি হাসির খোরাক হয়েছে: সারজিস

মেট্রোরেলের পিলারে ডিএনসিসির আঁকা গ্রাফিতি হাসির খোরাক হয়েছে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বললেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেলের পিলারে আঁকা গ্রাফিতিগুলো হাসির খোরাক হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস লেখেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ঘোষণা আসলো, আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি করা হবে। আমরা অ্যাপ্রিশিয়েট করলাম। কিন্তু গতকাল সেই পিলারগুলোতে গ্রাফিতি দেখে মনে হয়েছে, যাদের গ্রাফিতি করা হয়েছে তারা যদি সেগুলো দেখতো তাহলে নিজেরাই লজ্জায় মুখ লুকাতো।’

‘বাকিদের কথা বাদই দিলাম; স্বয়ং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা শহীদ আবু সাঈদও নিজেকে দেখে চিনতে পারতো কিনা সন্দেহ আছে! তাছাড়া যতটা না জুলাইয়ের গ্রাফিতি হয়েছে, তার চেয়ে বেশি বিএনপির দলীয় স্তুতি গাওয়া হয়েছে। এই কাজ যতটা না স্মৃতিচারণ হয়েছে, তার চেয়ে বেশি হাসির খোরাক হয়েছে। লেখার মান, রঙের কোয়ালিটি আর কাজের স্ট্যান্ডার্ড দেখে মনে হচ্ছে, সবাইকে ভাগ দেওয়ার পর সামান্য যে টাকা বেঁচেছে সেগুলো দিয়ে যে এই কাজগুলো করছে সেটাই অনেক বেশি। পারলে পুরোটাই মেরে দিত,’ যোগ করেন তিনি।

এই গ্রাফিতিগুলো বিএনপির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের টেক্সটবুক এক্সাম্পল উল্লেখ করে সারজিস বলেন, ‘টেন্ডারের সময় একবার টাকা মারে, এরপর স্থানীয় নেতারা ভাগবাটোয়ারা করে, অতঃপর যে অবশিষ্ট অংশটুকু থাকে সেখান থেকে টেকসই ও মানসম্মত কোনো কাজ হয় না। অথচ একই রাস্তায় শেরে-বাংলা নগর এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা জুলাইয়ের গ্রাফিতিগুলো হৃদয় ছুঁয়ে যায়!’