
সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা সংস্কার না করে আপাতত আগের অবস্থায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। স্থগিত রাখা হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দও। ফলে গোপালগঞ্জের কয়েকটি উপজেলার সাধারণ মানুষ প্রশাসনিক ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আটকে গেছে জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বরাদ্দও। সব মিলিয়ে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ হওয়া প্রায় ৫০০ কোটি টাকার অর্থও অনিশ্চয়তায় পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী এলাকার সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে সব সেবাই স্বাভাবিক হবে, শুরু হবে উন্নয়ন কার্যক্রমও।’
তবে প্রশ্ন উঠেছে, সহিংসতার জন্য সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করলেও এর প্রভাব কেন পুরো জেলার সাধারণ মানুষের ওপর পড়বে? কোনো এলাকায় রাজনৈতিক সহিংসতার কারণে সামগ্রিক নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখা কতটা যৌক্তিক, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনো পরিস্থিতিতে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সাময়িক বন্ধ করা হলেও তাতে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবারও গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
সহিংসতায় ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বিবিসি বাংলাকে বলেন, ‘আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমরাও তাই দেখছি। এখন জনসেবা নিশ্চিত করতে যা যা দরকার সরকারের দিক থেকে তাই করা হচ্ছে।’
এর আগে গত সপ্তাহে গোপালগঞ্জে টানা দুই দিনের সহিংসতায় টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে স্থানীয় পুলিশ প্রশাসনের কার্যক্রমও ব্যাহত হয়। সহিংসতার পর টুঙ্গিপাড়া থেকে পুলিশ সদস্যদের এলাকা ছেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সহিংসতায় স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িঘর ছাড়াও টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বিবিসি বাংলাকে জানান, মুকসুদপুর থানার কার্যক্রম আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত থানা পুনর্গঠন করে কার্যক্রম চালুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর পদক্ষেপ নিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে থানা পরিচালনার মতো দৃশ্যমান পরিবেশ নেই। ইউএনও আরও বলেন, এসব ব্যবস্থা সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে সব ধরনের সেবা ও উন্নয়ন কার্যক্রম আবার চালু হবে।
স্থানীয় সাংবাদিক, রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা সদরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে পুলিশি কার্যক্রম এখনো সীমিত। সাধারণ মানুষও বিভিন্ন প্রয়োজনে প্রশাসনের কাছে যেতে অনীহা দেখাচ্ছেন। স্থানীয় এক সাংবাদিকের ভাষ্য, পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যে স্থানীয়দের মধ্যে মারামারির ঘটনা ঘটলেও অনেকে পুলিশ বা প্রশাসনের কাছে যেতে চাইছেন না।
সহিংসতার পর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগও বন্ধ রয়েছে। কবে নাগাদ ট্রেন চলাচল আবার শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
গোপালগঞ্জের স্টেশন মাস্টার রত্না বৈদ্য বিবিসি বাংলাকে বলেন, ‘আমাকে শুধু জানানো হয়েছে যে নতুন করে ট্রেন গোপালগঞ্জে চালুর সিদ্ধান্ত হলে অবহিত করা হবে। এর বাইরে আর কিছু আমার জানা নেই।’
সহিংসতার কারণে সরকারি সেবা ও বরাদ্দ স্থগিত রাখার বিষয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ কারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। পাশাপাশি দলটির সভানেত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচি ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে দলটির নেতাকর্মীদের সম্ভাব্য নতুন সহিংসতার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহল।
তাদের আশঙ্কা, নতুন করে সহিংসতা হলে সরকারি স্থাপনাগুলো আবারও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণেই পুড়ে যাওয়া থানা ভবনসহ ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংস্কারকাজ এখনই শুরু করা হচ্ছে না। একইভাবে ট্রেন ও রেলস্টেশনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘ট্রেন ও স্টেশনে বড় কিছু ঘটলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জনগণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করি।’ তবে রাজনৈতিক সহিংসতার কারণে একটি নির্দিষ্ট জেলার থানা, ট্রেন, বিশ্ববিদ্যালয়, সরকারি সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড এভাবে বন্ধ রাখা বৈষম্যমূলক বা আক্রোশমূলক কি না, সে প্রশ্নও উঠেছে।
এমন অভিযোগ নাকচ করে সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘না, মোটেও তেমন না। সরকার জনস্বার্থ বিবেচনা করেই সাময়িক পদক্ষেপ হিসেবে কিছু ব্যবস্থা নিয়েছে। এটি সার্বিকভাবে জেলার জন্য ভালো সিদ্ধান্ত।’
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সরকার এক ধরনের দ্বিধার মধ্যে রয়েছে। বলপ্রয়োগ না করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে সরকার।
তবে তিনি সতর্ক করে বলেন, প্রশাসনিক কার্যক্রম ও মানুষের সেবা পাওয়ার অধিকার সাময়িকভাবে স্থগিত হলেও ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষই। তার মতে, সহিংসতা নিয়ন্ত্রণের নামে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে সাধারণ মানুষের নাগরিক অধিকার খর্ব হয়।























