
বাড়িতে অগ্নিকাণ্ডের পর রাফিকে ফোন কলে তার মা
‘ভয় পেয়ো না বাবা, আমরা কখনো কারও ক্ষতি করিনি। আল্লাহই আমাদের বাঁচাবেন।’ গভীর রাতে গ্রামের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ছেলে খান তালাত মাহমুদ রাফিকে ফোন করে এভাবেই সান্ত্বনা দিচ্ছিলেন তার মা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে রাফিদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা-মা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার বিবরণ দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।
পোস্টে তিনি বলেন, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জেগে ওঠায় তাঁর বাবা-মা প্রাণে রক্ষা পান।
মায়ের সঙ্গে ফোনালাপের স্মৃতিচারণ করে রাফি আরও বলেন, মা তাঁকে ফোন করে বলেন, ‘ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই। আল্লাহই বাঁচাইবো।’ পোস্টে তিনি মা-বাবার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
রাফি জানান, বাড়ির বিদ্যুতের মিটারের নিচে আগুন ধরিয়ে দেওয়ার সময় তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঘুমন্ত বাবা-মা। ঘটনার কয়েকটি ছবিও নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন রাফি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন গণমাধ্যমকে বলেন, বুধবার রাত ৩টার দিকে রাফির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে পুলিশ জানতে পেরেছে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি। চিৎকার শুনে আশপাশের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।























