
মানিকগঞ্জে কাঁচের বোতলে কেরোসিন ভরে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে কার্যালয়ের পাশে পেট্রোল বোমাসদৃশ বোতল নিক্ষেপের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের পাশে কেরোসিন ভর্তি কাঁচের বোতল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বোতলটিতে আগুন জ্বালানোর চেষ্টা করা হলেও বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এনপিবি নিউজকে বলেন, নাশকতার উদ্দেশ্যেই এ ধরনের চেষ্টা করা হয়েছে। পুলিশ সন্ধ্যা থেকেই শহরজুড়ে নিরাপত্তা জোরদার রেখেছে। ঘটনার পরপরই ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























