
বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৫৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ৩৫৮। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৭০। ভারতের কলকাতা ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
এ ছাড়া ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আয়ারল্যান্ডের ডাবলিন এবং ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে তালিকা প্রকাশ করে। তাদের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মাধ্যমে কোনো এলাকার বাতাস কতটা দূষিত এবং তা স্বাস্থ্যের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
সেই হিসাবে ঢাকার শনিবার সকালের ১৫৫ স্কোরের অর্থ, শহরটির বাতাস সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের ঝুঁকি বেশি। দূষিত বাতাসের সংস্পর্শে নানা ধরনের গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।























