=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনসিসি কুবি প্লাটুনের ভর্তি ও পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:২৪ অপরাহ্ণ | ১০/০১/২০২৫ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি:বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহের ভর্তি পরীক্ষা এবং মহিলা প্লাটুনের রানিং ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ই জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি ও পদোন্নতি পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট, অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী।

বিএনসিসির নবীন ক্যাডেটদের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে মনোনীত করা হবে।

নবীন ক্যাডেটদের ভর্তি পরীক্ষা শেষে সামরিক প্রশিক্ষকের উপস্থিতিতে মহিলা প্লাটুনের রানিং ক্যাডেট কর্পোরালদের ক্যাডেট সার্জেন্ট পদে, ক্যাডেট ল্যান্স কর্পোরালদের ক্যাডেট কর্পোরাল পদে এবং ক্যাডেটদের ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পরীক্ষার ১ম ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী ধাপে ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পদোন্নতি পরীক্ষার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী বলেন, ‘জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবী এর চেতনায় উদ্ধুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্রতিনিয়তই দেশমাতৃকার সেবা ও বিভিন্ন দূর্যোগে বিপন্ন জাতিকে রক্ষায় কাজ করে চলেছে। এরই প্রেক্ষিতে প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এবারের ভর্তি প্রক্রিয়ায় আমরা একটু ভিন্নতা এনেছি। আমরা পূর্বে ২য় ধাপে স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার নিয়ে সাময়িকভাবে মনোনীত করে পর্যবেক্ষণ করতাম। কিন্তু এবারে ২য় ধাপে শারিরীক সক্ষমতা যাচাই ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ, এই ধাপে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্তভাবে মনোনীত করার জন্য মৌখিক সাক্ষাৎকার নেওয়া হবে। ভর্তি প্রক্রিয়ার সকল ধাপ সফলভাবে সম্পন্ন করার পর একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলাকে চূড়ান্তভাবে মনোনীত করে ক্যাডেটশীপ দেওয়া হবে। ক্যাডেটশীপ পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের ২য় সারির সৈনিক হিসেবে ও একজন ক্যাডেট হিসেবে বিএনসিসি’র সকল সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কার্যক্রমগুলো আরো সুষ্ঠুভাবে সম্পাদন ও গতিশীল করতে আজকে মহিলা প্লাটুনের ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়েছে।’

উল্লেখ্য, জ্ঞান ও শৃঙ্খলা এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৯ সালের ২৯ এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের যাত্রা শুরু হয়। বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্টে সেনা শাখার অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।