=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা!

অটো পাসের দাবিতে স্নাতক পাস কোর্সের একদল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় উপাচার্য এ এস এম আমানুল্লাহর আহত হয়েছেন।

বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের স্নাতক পাস কোর্সের ছাত্রছাত্রীরা অটো পাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিলেন। কিন্তু অটো পাস না দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারি ও অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদের পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে, যার ফল এ মাসেই বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উসকানির প্রেক্ষিতে এই ব্যাচের কিছু সংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটো পাসের দাবি নিয়ে এসে আজ হঠাৎ করে উপাচার্যের ওপর ন্যক্কারজনক হামলা চালান।

জনসংযোগ দফতরের পরিচালক মোস্তাফিজুর বলেন, উপাচার্য আমানুল্লাহ দুপুরে প্রশাসনিক ভবনের ফটকে গাড়ি থেকে নামেন। এ সময় স্নাতক পাস কোর্সের ২০২২ ব্যাচের পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যের সঙ্গে ধস্তাধস্তি করেন। এতে তিনি কিছুটা আহত হন।

মোস্তাফিজুর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বক্তব্য হলো, কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের কোনো প্রকার অটো পাস জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে না। আজকের এই ন্যক্কারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।