=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি শিক্ষার্থীকে ‘ধর্ষণ চেষ্টার’ ঘটনায় আরও একজন গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১১:৪৯ অপরাহ্ণ | ২৪/০৮/২০২৫ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাসে ‘শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার’ ঘটনায় সৌরভ নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ আগস্ট (রবিবার) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস।

জানা যায়, গতকাল (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেল থেকে সৌরভকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে থানায় পুলিশি হেফাজতে রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি ফেরদৌস বলেন, ‘পলাতক তিনজনের মধ্যে সৌরভ নামের একজনকে গতকাল (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। সে থানাতেই আছে। বাকি দুইজনকে গ্রেফতারের অভিযান চলমান আছে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘যে তিনজন পলাতক ছিল তাদের মধ্য থেকে সৌরভ নামের একজনকে গ্রেফতার করেছেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ। আমরা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যে দুইজন এখনো গ্রেফতার হয়নি তাদেরকেও গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।’

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে লোকাল সেন্টমার্টিন পরিবহণ নামক একটি চলন্ত বাসে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগে পাঁচ জনের নামে মামলা করা হয়। এর মধ্যে দুইজনকে সেইদিনই শিক্ষার্থীরা আটক করে পুলিশে দেয়। বাকি তিনজন পালিয়ে যায়। পলাতক তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজন এখনো পলাতক আছে।