• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তারেক রহমান

| Peoples News ৪:৪০ অপরাহ্ণ | ০৩/০১/২০২৬ খেলাধুলা

 

২০২০ সালের অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে শাহীন আলম ছিলেন অন্যতম পেস বোলিং ভরসা। তবে ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেটের বাইরে চলে যেতে হয় তাঁকে। কুড়িগ্রামের এই ক্রিকেটার বর্তমানে বাবা–মায়ের অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগছেন। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দল না পাওয়ায় তাঁর উপার্জনের পথও বন্ধ হয়ে পড়ে।

অনুদান হস্তান্তরের সময় আমিনুল হক বলেন, বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। তাঁর মতে, শাহীন আলমের মতো প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তারেক রহমানের এই উদ্যোগ শাহীন আলমকে আবার মাঠে ফেরার অনুপ্রেরণা দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল হক। তিনি বলেন, খেলোয়াড়দের কল্যাণে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শাহীন আলমের মতো খেলোয়াড়দের বিষয়ে বোর্ডের বাড়তি নজর দেওয়া উচিত।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শাহীন আলম তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দ্রুত সুস্থ হয়ে আবারও ক্রিকেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।