• আজ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রতিক্রিয়ায় ককরোচ পার্টি

| নিউজ রুম এডিটর ৪:৫৮ অপরাহ্ণ | ২৫/০৭/২০২৬ বিশ্ব সংবাদ, ভারত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দলটি লিখেছে, ‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’।

চলতি বছরের জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সিজেপি। তাদের দাবি ছিল, জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (স্নাতক)–২০২৬ (নিট-ইউজি ২০২৬)-এ প্রশ্নফাঁস ও অন্যান্য অনিয়মের দায়ে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

 

পদত্যাগের খবর প্রকাশের পর সিজেপি এক্সে একটি ভিডিও পোস্ট করে। সেখানে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং যন্তর মন্তরে জড়ো হওয়া হাজারো বিক্ষোভকারীকে উল্লাস করতে দেখা যায়।

ভিডিওতে অভিজিৎ দিপকে বলেন, “এটাই গণতন্ত্র। তিনি পদত্যাগ করেছেন… মনে রাখবেন, ককরোচকে হালকাভাবে নেবেন না।”

 

তিনি আরও দাবি করেন, নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রতি পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।

 

এছাড়া, গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পদত্যাগ নিয়ে যা বললেন ধর্মেন্দ্র প্রধান

 

পদত্যাগের কয়েক ঘণ্টা আগে নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান জানান, যন্তর মন্তর এবং দেশের সামগ্রিক পরিস্থিতিকে কেন্দ্র করে যেন ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়টি বিবেচনায় রেখে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

 

তিনি লেখেন, “গত দশ দিনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এটি আমার ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, শুরু থেকেই তিনি ঘটনার পূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং কখনো দায় এড়িয়ে যাননি। তার লক্ষ্য ছিল, ‘পরীক্ষা মাফিয়া’র কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয় এবং কোনো শিক্ষার্থী যেন অবিচারের শিকার না হয়।

 

উল্লেখ্য, নিট-ইউজি ২০২৬ পরীক্ষা প্রথমে ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নফাঁসের অভিযোগের কারণে তা স্থগিত করে ২১ জুন পুনরায় আয়োজন করা হয়।

ধর্মেন্দ্র প্রধান তার বার্তায় আরও বলেন, “দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”

 

সূত্র: এনডিটিভি