
ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের সূত্রে জানা গেছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, টানা ১৩ দিন ধরে চলা হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এই উদ্বেগ থেকেই হামলা বন্ধ করতে চাচ্ছে মার্কিন সরকার।
শুক্রবার, ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা এবং মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সাথে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। অ্যাক্সিওস-এর এক সূত্র জানায়, এই সিদ্ধান্তটি সাময়িক বিরতি নাকি দীর্ঘমেয়াদী তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে যাচ্ছে না।
অ্যাক্সিওস প্রতিবেদনে উল্লেখ করেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত কূটনৈতিক প্রচেষ্টার জন্য নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করবে। অন্যদিকে, বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়ার পূর্বে এটি মার্কিন প্রশাসনের এক ধরনের সফলতা হিসেবেও বিবেচিত হচ্ছে। সূত্রগুলো আরও বলেছে, প্রয়োজনে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পূর্বে থেকেই বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে।





















