• আজ

চাকরি ছাড়ার নির্দেশে বৈশাখী টিভির কার্যালয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি

চাকরি ছাড়ার নির্দেশে বৈশাখী টিভির কার্যালয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি

অনলাইন বিভাগের এক কর্মকর্তাকে চাকরি ছাড়তে বলাকে কেন্দ্র করে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় একদল বহিরাগত প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন কর্মীরা। পরে নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায়, অভ্যন্তরীণ বিরোধের জেরে কার্যালয়ে হট্টগোলের সৃষ্টি হলে বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিএমডিকে হেফাজতে নেয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, কার্যালয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন বহিরাগত গিয়ে বিশৃঙ্খলা করছেন বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরিস্থিতি বিবেচনায় ডিএমডিকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলা রয়েছে। কোতোয়ালি থানায় করা ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কথা বলতে কোতোয়ালি থানার কর্মকর্তারাও ঘটনাস্থলে এসেছেন।

ঘটনার সময় বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে একজনকে বলতে শোনা যায়, একদল লোক চ্যানেলের কার্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। ভবনের নিচে জড়ো হওয়া লোকজনকে দেখিয়ে তিনি নিউজরুমেও হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন।

প্রতিষ্ঠানটির এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার বেলা দুইটার দিকে অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম। এর পরিপ্রেক্ষিতে নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ডেকে আনেন বলে অভিযোগ ওই কর্মীর। পরে তারা ডিএমডিকে তুলে নেওয়ার চেষ্টা করলে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে বহিরাগতদের হট্টগোল শুরু হয়। প্রধান ফটকের বাইরেও লোকজন জড়ো হওয়ায় টেলিভিশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে এইচ এম নাহিয়ান বলেন, একটি ফটোকার্ড প্রকাশকে কেন্দ্র করে ডিএমডির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তাকে চাকরি ছেড়ে দিতে বলা হয়। এরপর বেতন বুঝিয়ে দিতে চাইলে তাকে মানবসম্পদ বিভাগে যেতে বলেন ডিএমডি। সেখানে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন। পরে ওই কর্মকর্তা ডিএমডির কক্ষ থেকে ফিরে তাকে কার্যালয়ে বহিরাগতদের বিশৃঙ্খলার কথা জানান।