• আজ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার ফ্যাসিস্ট পথে অগ্রসর হচ্ছে: মোবারক হোসাইন

| নিউজ রুম এডিটর ৯:০৬ পূর্বাহ্ণ | ২৮/০৭/২০২৬ রাজনীতি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, ‘জুলাইয়ের শহীদরা এবং যুদ্ধাহতরা আপনাদেরকে আজকে প্রধানমন্ত্রী বানিয়েছে। বর্তমান সরকার এদের জন্য কিছু করবে বলে মনে হয় না। ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে।’

সোমবার (২৭ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। মতবিনিময় সভায় তিনি উল্লেখ করেন, ‘আমরা সংবিধান সংশোধন চাই না, সংস্কার চাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই।’

মোবারক হোসাইন আরও বলেন, ‘যেহেতু ৬৮ শতাংশ লোক জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, আমরা আন্দোলনে নামলে তারা আমাদের সঙ্গে থাকবে। আমরা চাই না দেশে আবার অরাজকতার পরিবেশ সৃষ্টি হোক।’

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. আব্দুল জব্বার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে এবং শহীদ ও আহত পরিবারের অধিকার নিশ্চিত করতে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি ইঞ্জি: মনোয়ার হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জের আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জামায়াতের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।