• আজ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার দিনমজুরের কিডনি বিক্রির চক্রের কবলে পড়ে প্রতারণার শিকার, আদালতে মামলা

| নিউজ রুম এডিটর ১০:২০ অপরাহ্ণ | ০১/০৮/২০২৬ অপরাধ-দুর্নীতি

অভাবের তাড়নায় জর্জরিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক দিনমজুর ১০ লাখ টাকা প্রতিশ্রুতির বিনিময়ে একটি কিডনি বিক্রি করলেও হাতে পান মাত্র ৫০ হাজার টাকা। প্রতারণার শিকার হয়ে গত ১৩ জুলাই জয়পুরহাট আদালতে মামলার আবেদন করেন মন্টু মিয়া। এই মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। শনিবার কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং বর্তমানে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তদন্তে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া, জয়পুরহাট ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ব্যক্তি।

মামলার বিবরণে জানা যায়, ঋণের দায়ে দিশেহারা মন্টু মিয়াকে ধনী নারীর জন্য কিডনি প্রয়োজন—এই অজুহাতে ১০ লাখ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ফাঁদে ফেলেন চক্রের সদস্যরা। চলতি বছরের জানুয়ারি মাসে তাকে ঢাকা হয়ে প্রথমে ভারত এবং পরে নেপালে নিয়ে একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি অপসারণ করা হয়। কিন্তু দেশে ফেরার পর বাকি সাড়ে নয় লাখ টাকা চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকার করেন। স্থানীয়ভাবে মীমাংসা না পেয়ে অবশেষে আদালতে আশ্রয় নেন ভুক্তভোগী দিনমজুর।