
জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে জেলা শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইশরাতের স্বামী কাউসার আহাম্মেদ শাওন। তাদের ১০ বছর বয়সি একটি মেয়ে ও ৫ বছর বয়সি একটি ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাচ্ছিল। তাদের কান্নাকাটি দেখে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে ভবনের মালিকপক্ষকে বিষয়টি জানানো হলে ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো পাওয়া যায়। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করা হয়। পরে ফ্ল্যাটের একটি কক্ষে ওই নারীর নিথর দেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।























