• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে পুলিশের যানবাহনে সম্ভাব্য নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্কতা জারি

| নিউজ রুম এডিটর ১০:৫০ অপরাহ্ণ | ০১/০৮/২০২৬ News

দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে।

নির্দেশনায় জানানো হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শিথিলতার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা গাড়ির সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রেখে পুলিশ সদস্যদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া গাড়ি ফেলে রাখা যাবে না এবং অরক্ষিত (Unattended) অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পুলিশ সদর দফতর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।