
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে যৌথ অভিযানে গত এক সপ্তাহে ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত এই তল্লাশি অভিযানে আবাসন আইন ভঙ্গের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জনকে আটক করা হয়।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট ওই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪১৮ জনকে। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনের, ৪৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশত্যাগের চেষ্টার সময় ২৩ জনকে আটক করা হয়। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা সহযোগিতা দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৮ হাজার ১৮৭ জন পুরুষ এবং ২ হাজার ৪৯২ জন নারী। ইতোমধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ বা আইন লঙ্ঘনকারীদের সহযোগিতাকারীদের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দের মতো কঠোর শাস্তির বিষয়ে সতর্ক করেছে সৌদি প্রশাসন।



















