• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

| নিউজ রুম এডিটর ১১:৫০ অপরাহ্ণ | ০১/০৮/২০২৬ News

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না। এর চেয়ে নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিকিৎসকদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর এবারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে মনে রাখবেন আমরা শেষ হব না, আপনারা শেষ হবেন। কেউ তখন বাড়িতে থাকতে পারবেন না, ডিউটিতেও থাকতে পারবেন না। কারণ সবার আমলনামা সম্পর্কে সবাই জানে। দেশটার স্বার্থে একে ধ্বংস না করে সবাইকে মিলে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লক্ষ লক্ষ ছেলেমেয়ে বিদেশে অবস্থান করছে। তারা টাকা না পাঠালে দেশের রিজার্ভ শূন্য হয়ে যেত এবং কেউ খেতে পারত না বা চাকরির বেতনও পেত না। তাই একটি শক্তিশালী ও সুন্দর তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন পর্যবেক্ষণ করেন। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনিয়মিত চিকিৎসকদের কঠোর ভাষায় সতর্ক করে তিনি বলেন, অনুরোধ করার পরও যদি কেউ অনিয়মিতভাবে কাজ করেন, তবে টার্মিনেশন অথবা সাসপেনশন করা হবে। এখন থেকে সরকার কঠোর পদক্ষেপ নেবে, নরম থাকার কোনো সুযোগ নেই। হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটির আশপাশের দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয় এবং অফিস সময়ে ক্লিনিকে চিকিৎসা দেওয়ায় দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।