• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন আলোচনা চললেও হামলার শঙ্কা কাটেনি

| নিউজ রুম এডিটর ১২:২৫ পূর্বাহ্ণ | ০২/০৮/২০২৬ News

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চললেও মার্কিন সামরিক হামলার শঙ্কা কাটেনি। তেহরানের ধারণা, মার্কিন সেনাবাহিনী যেকোনো মুহূর্তে দেশটিতে আক্রমণ চালাতে পারে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, মধ্যস্থতাকারীদের সহায়তায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন বা ‘ব্যাক চ্যানেল’ আলোচনা চলছে। তবে এর অর্থ এই নয় যে, ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপগুলোকে তেহরান হালকাভাবে দেখছে। তার দাবি, মার্কিন সেনাবাহিনী ইরানের ওপর আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ নিলে পরিস্থিতি কল্পনাতীত ভয়াবহ রূপ নেবে বলেও তিনি সতর্ক করেন।

মোহাম্মদ এসলামি আরও বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরান সবসময়ই প্রস্তুত। ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র আগের সমঝোতায় ফিরে এলেই কেবল এই অঞ্চলে শান্তি ফিরে আসতে পারে।

এদিকে, সংঘাতের আশঙ্কায় গোটা মধ্যপ্রাচ্যের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি, বাইরের নাগরিকদেরও সেখানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প ইরানের ওপর নজিরবিহীন হামলার হুমকি দেওয়ার পরপরই একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত কোনো হামলার নির্দেশ দেওয়া হয়নি।