
পেরুতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন পর্যটক ও দুই পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। একটি জনপ্রিয় পর্যটন এলাকা পরিদর্শনের সময় বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শনিবার নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক স্থানের ওপর দিয়ে উড্ডয়নের সময় সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহত পর্যটকদের মধ্যে দুজন জার্মান, দুজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় নাগরিক ছিলেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
দুর্ঘটনাস্থল থেকে পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে ১১ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
নাজকা লাইনস পেরুর দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে আন্দিজ পর্বতমালার নিকটবর্তী এলাকায় অবস্থিত। এটি মাটিতে খোদাই করা বিশাল ভূচিত্র নিয়ে গঠিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। বিশ্ব ঐতিহ্যে এর গুরুত্বের স্বীকৃতিস্বরূপ ইউনেসকো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এর আগে ২০২২ সালে এবং ২০১০ সালেও এই এলাকায় ছোট বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছিল।

















