• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং সেন্টারে বন্দুক হামলা, নিহত ৩

| নিউজ রুম এডিটর ১১:১৫ পূর্বাহ্ণ | ০২/০৮/২০২৬ News

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিং এলাকায় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। হামলার পর বন্দুকধারীও নিহত হয়েছেন এবং বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

টুইন ফলস শহরের গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী জশ পামার জানান, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকার ‘ইন-এন-আউট বার্গার’ রেস্তোরাঁর কাছে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ হামলাকারীকে নিষ্ক্রিয় করার বিষয়টি নিশ্চিত করে।

এক সংবাদ সম্মেলনে টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস জানান, নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে। পুলিশ বর্তমানে নিহত বন্দুকধারীর পরিচয় শনাক্ত করার পাশাপাশি হত্যাকাণ্ডের উদ্দেশ্য অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনার পর সুরক্ষার স্বার্থে আশপাশের সড়ক ও কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রায় ৪৭ হাজার জনসংখ্যার টুইন ফলস শহরটি আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত।