• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্ট মাসে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

| নিউজ রুম এডিটর ৬:২০ অপরাহ্ণ | ০২/০৮/২০২৬ News

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে, যার কারণে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীতে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনাগুলোও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

রোববার রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগস্ট মাসে পুলিশ সারাদেশে কোনো বিশেষ সতর্কতা জারি করেছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, তাদের বিভিন্ন তৎপরতা আগস্ট মাসে লক্ষ্য করা গেছে। সে কারণেই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ঢাকায় বোমা সদৃশ বস্তু পাওয়ার বেশ কিছু ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গত শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের কাছে একটি সন্দেহজনক বস্তা পাওয়ার পর পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করেছে যে তাতে কোনো বিস্ফোরক ছিল না। তবে প্রতিটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক রয়েছে এবং কোথাও কোনো নাশকতার পরিকল্পনা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে গত শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় মাঠ পর্যায়ের সকল ইউনিটকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়। ওই বার্তায় পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলার লক্ষ্যবস্তু হওয়ার শঙ্কার কথা উল্লেখ করে সারাদেশে সতর্কতা জারি করা হয়েছিল।