
নির্ধারিত সময়সীমা পার হলেও নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আটটি নিবন্ধিত রাজনৈতিক দল। সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সূত্রে জানা যায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নিয়ম ছিল। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় সময় বাড়িয়ে গত ২ আগস্ট (রোববার) পর্যন্ত করা হয়।
নির্ধারিত এই সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল তাদের হিসাব কমিশনে জমা দিয়েছে। এছাড়া গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ে হিসাব প্রস্তুত করতে না পেরে সময় বাড়ানোর আবেদন করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমজনতার দলসহ আটটি রাজনৈতিক দল কোনো ধরনের হিসাব বা সময় বাড়ানোর আবেদন জমা দেয়নি।
হিসাব জমা না দেওয়া আটটি দল হলো—জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় নাগরিক পার্টি, আম জনতার দল এবং জনতার দল।




















