• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৬:৩০ অপরাহ্ণ | ০৩/০৮/২০২৬ News

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশ একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের দিকে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) বেলা আড়াইটায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকের শুরুতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সিইপিএ চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। ইয়ো হান-কু বলেন, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে বহু কোরিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং আগামীতে আরও অনেক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগে আগ্রহী। এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশের খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া জাহাজ নির্মাণ শিল্পে অত্যন্ত দক্ষ এবং বাংলাদেশের রয়েছে সম্ভাবনাময় জনশক্তি। দক্ষিণ কোরিয়া বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে এ দেশের কর্মীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে তাদের জাহাজ নির্মাণ শিল্পে কাজে লাগাতে পারে। এছাড়া কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ করতে চাইলে সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বৈঠকে কোরিয়ান কোম্পানিগুলোকে নিয়ে বাংলাদেশে একটি বিশেষ সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর এসব প্রস্তাব দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।