• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

| নিউজ রুম এডিটর ৬:৪৫ অপরাহ্ণ | ০৩/০৮/২০২৬ News

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের এই প্রকৌশলীদের বদলি ও পদায়ন সম্পন্ন হয়।

লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।

এই লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক জানান, এই লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্যসচিব সাখাওয়াত হোসেনও এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে অধিদপ্তরের বদলি ও পদায়নে শৃঙ্খলা ফিরে আসবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়েছিল।