
গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের অতিরিক্ত বা লুকায়িত চার্জ বন্ধ করার দাবি জানান। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আন্দোলনের সূচনা একদিনে হয়নি, বরং এর ধারাবাহিকতা ২০১৮ সাল থেকেই শুরু হয়েছিল এবং জামায়াতে ইসলামী সেই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত বছরের ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া জুলাইয়ের আন্দোলনে শিশুদের ওপরও সহিংসতা চালানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ শুধু মুখে মুখে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটিকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হতে পারে।
দুর্নীতির সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন, দেশ থেকে শতভাগ দুর্নীতি নির্মূল করা গেলে অর্থনীতি ও সাধারণ মানুষের জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজধানীবাসীর দুর্ভোগ লাঘবে অবিলম্বে গ্যাসের দাম ও বিদ্যুতের মূল্য কমানো এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সরকার মুখে জুলাইয়ের চেতনার কথা বললেও তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। আগামী ৫ আগস্ট তথা ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ হিসেবে উল্লেখ করে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।


















