• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করল ইরান

| নিউজ রুম এডিটর ১১:২৫ পূর্বাহ্ণ | ০৪/০৮/২০২৬ News

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে ট্রাম্পের এই প্রস্তাব সম্পূর্ণ নাকচ করে দিয়েছে তেহরান। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, ইরানের সঙ্গে সোমবার আলোচনা শুরু হতে যাচ্ছে। ট্রাম্প আরও দাবি করেন, তিনি ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ প্রায় দিয়ে ফেলেছিলেন, তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে শেষ মুহূর্তে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ট্রাম্প বলেন, তিনি সৌদি যুবরাজকে হামলা নাকি চুক্তি—সে বিষয়ে জানতে চেয়েছিলেন এবং তারা আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান। এর পরই তিনি সোমবার একতরফাভাবে আলোচনায় বসার ঘোষণা দেন।

তবে ট্রাম্পের এই ঘোষণায় পাত্তা দেয়নি তেহরান। সোমবার সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সাপ্তাহিক ব্রিফিংয়ে পরিষ্কার জানিয়ে দেন যে, আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না। কোনো ইরানি প্রতিনিধিদল ওয়াশিংটনে যাচ্ছে না এবং কোনো মার্কিন প্রতিনিধিকেও তেহরানে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি ট্রাম্পের মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

ইরানি মুখপাত্র জানান, তাদের বর্তমান মনোযোগ কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে চুক্তি স্বাক্ষরের দিকে, যাতে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। রোববার ইরানের মন্ত্রিসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওমানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তেহরান জানিয়েছে, বৈশ্বিক জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ আর কখনোই যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাবে না।