
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের মধ্যে কোনো নেতিবাচক বিষয় নেই, সব কিছু ইতিবাচক। যদি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়, তবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষে মানুষে ঐক্য ও বন্ধুত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনের সময় হাইকমিশনার এসব কথা বলেন। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আসন্ন সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে হাইকমিশনার জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত সম্মানিত এবং একজন জনবান্ধব ও জনপ্রিয় ব্যক্তি। ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে আইভেকের কার্যক্রমে সব ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে এবং ভিসা প্রার্থীরা এখন সহজেই নির্ধারিত সময়ে পাসপোর্ট জমা দিতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক নারী ভিসাপ্রার্থীর অনুরোধকে গুরুত্ব দিয়ে শিশুদের জন্য এই খেলার জায়গা তৈরি করা হয় বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন বাধে এবং আইভেকের ডেপুটি চিফ অপারেটিং অফিসার অপূর্ব সিং প্রমুখ।





















