• আজ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিন ফুটবল লিগ

| নিউজ রুম এডিটর ১২:৪৫ অপরাহ্ণ | ১১/০৮/২০২৬ News

গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর ধরে বন্ধ থাকার পর আগামী সেপ্টেম্বর মাসে মাঠে ফিরছে ফিলিস্তিন ফুটবল লিগ। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে দেশের ক্রীড়া কার্যক্রম এবং ফুটবল লিগ আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হবে।

রামাল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিবরিল রাজউব এই ঘোষণা দেন। ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত ছিল। নিহত ক্রীড়াবিদদের স্মরণে এবারের প্রথম টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। অ্যাসোসিয়েশনের তথ্যমতে, চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।

আসন্ন এই টুর্নামেন্টে দুইশরও বেশি ক্লাব অংশ নেবে। এর মধ্যে পশ্চিম তীর থেকে ১৪৬টি, গাজা থেকে ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে ৩৬টি ক্লাব অংশ নেবে। তিনটি আলাদা স্থানে একযোগে এই টুর্নামেন্ট শুরু হবে। জিবরিল রাজউব বলেন, যুদ্ধ ফিলিস্তিনিদের জন্য চরম সংকট তৈরি করলেও তাদের জাতীয় মনোবল ও ক্রীড়াপ্রেম ম্লান হয়নি।

সংবাদ সম্মেলনে কঠিন অর্থনৈতিক সংকট মোকাবিলায় ফিফা এবং অন্যান্য আন্তর্জাতিক ফেডারেশনের প্রতি ফিলিস্তিনি ক্রীড়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি, ফিফার প্রতি পশ্চিম তীরের বসতিতে পরিচালিত ইসরায়েলি ক্লাবগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং গাজায় ইসরায়েলের ভূমিকার জন্য তার সদস্যপদ স্থগিত করার জোরালো দাবি জানানো হয়।