• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিকের বাসায় চা খেয়ে এলাকার সমস্যা শুনলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

| নিউজ রুম এডিটর ৭:৪৫ পূর্বাহ্ণ | ১৩/০৮/২০২৬ News

চায়ের দাওয়াত পেলে সাধারণ নাগরিকের বাসায় গিয়ে চা পান করার পাশাপাশি এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ‘মন্ত্রীর সঙ্গে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এই ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) ঢাকা-১৩ আসনের বসিলা এলাকার একটি সাধারণ পরিবারের বাসায় যান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে চা পানের পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধি হিসেবে শুধু সংসদে বক্তব্য দেওয়া বা দপ্তরিক চেয়ারে বসে মানুষের কথা শোনা যথেষ্ট নয়। সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের জীবনযাত্রা এবং বাস্তব সমস্যা কাছ থেকে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। বড় পরিসরের অনুষ্ঠানে যারা স্বাচ্ছন্দ্যবোধ করেন না, মূলত তাদের জন্যই এই ঘরোয়া পরিবেশে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। চায়ের এই আড্ডায় স্থানীয় বাসিন্দারা এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী তাদের এই ইতিবাচক মনোভাবকে সাধুবাদ জানান।

বসিলা ও মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক মাসে কিশোর গ্যাংসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। মোহাম্মদপুর একটি জনবহুল এলাকা উল্লেখ করে তিনি জানান, বসিলা ও রায়েরবাজারের জন্য আলাদা দুটি থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ২০২৭ সালের মধ্যে এগুলোর কার্যক্রম চালুর আশা করা হচ্ছে। এছাড়া কেরানীগঞ্জ ও আশপাশের এলাকা থেকে অপরাধীদের প্রবেশ রোধে বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা-১৩ আসনকে একটি নিরাপদ ও জনবান্ধব আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, প্রাথমিক বিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা নেওয়ার নিয়ম নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ ধরনের পরীক্ষা নিলে তা সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্দিষ্ট নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে এবং আগামী দেড় বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, গ্যাস, পানি, বিদ্যুৎ ও পরিবেশগত নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ঢাকা-১৩ আসনকে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষিত মধ্যবিত্তের আবাসিক এলাকায় রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য।