• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

| নিউজ রুম এডিটর ৬:৫০ অপরাহ্ণ | ১৩/০৮/২০২৬ News

ব্রিকস সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি আশাবাদী। এখনও এই সফরের সম্ভাবনা রয়েছে। এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন বলেও জানান তিনি।

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে সফল আলোচনা হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রকল্প পরিদর্শন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের রক্তের দাগ এখনও শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ ভারতের কাজে লাগানো উচিত এবং তারা বিষয়টি ভেবে দেখতে পারে।

বর্তমান সরকারের ছয় মাসের পারফরম্যান্স সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এই সময়ে সফলতার সঙ্গে কাজ করেছে এবং কূটনীতির নানা ধাপ সফল করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।