• আজ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজার বক্তব্য ঘিরে উত্তেজনা, বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

| নিউজ রুম এডিটর ৮:০০ অপরাহ্ণ | ১৫/০৮/২০২৬ News

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়ার পর তার বসতবাড়ি ঘেরাওয়ের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের থানাপাড়ায় অবস্থিত এমপি আমির হামজার বাড়ির আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

একই সময়ে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ সংসদ সদস্যের কয়েকশত নেতাকর্মীকে বাড়ির সামনে অবস্থান নিতে দেখা যায়। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজ সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’

উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তিনি আরও বলেন, ‘মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার দীর্ঘদিনের বিরোধ চলছে। সেই বিরোধের জেরেই তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন বলেন, সংসদ সদস্যের নিরাপত্তার স্বার্থে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার পর বাড়িটি ঘেরাও হতে পারে—এমন একটি আশঙ্কার খবর পেয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।