• আজ ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৬:১০ পূর্বাহ্ণ | ২৩/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন নিবেদিতপ্রাণ সহকর্মী পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এই পোস্ট দেন ফাহাম। পোস্টে তিনি মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। দীর্ঘ ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন। নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের ভালো রাখাতেই তিনি আনন্দ খুঁজে পান বলে জানান ফাহাম। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্যের কথা স্মরণ করে তিনি লেখেন, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে জানিয়েছিলেন যে, বেগম জিয়াকে মুক্ত করতে পারা এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারার সন্তুষ্টিই তার জীবনের বড় প্রাপ্তি। ফাহাম তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, বিএনপিতে মির্জা ফখরুলের মতো এমন একজন সৎ, ভালো মানুষ ও নিবেদিতপ্রাণ নেতার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। বঙ্গভবনে তার যাওয়ার বিষয়টি আনন্দের হলেও দলের জন্য এটি একটি বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করেন তিনি। পরিশেষে রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান নেই—এমন ধারণার প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, রাজনীতিতে ভালো মানুষের অস্তিত্ব রয়েছে এবং মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই উজ্জ্বল প্রমাণ।