• আজ ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ড. ফাহামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৮:০৫ পূর্বাহ্ণ | ২৩/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন বিশ্বস্ত সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে দেওয়া ওই পোস্টে ফাহাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং নিঃস্বার্থ ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতার আলোকে তিনি মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন, যিনি নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অন্যদের আনন্দ দিতে ভালোবাসেন।

পোস্টে ফাহাম উল্লেখ করেন, মির্জা ফখরুল এমন একজন মানুষ যিনি নিজের অর্জিত সান্ত্বনা বা ভালো লাগা অন্য ভাইবোনদের মাঝে বিলিয়ে দিয়ে নিজে তৃপ্তি পান। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্যের কথা স্মরণ করে তিনি বলেন, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে জানিয়েছিলেন যে, বেগম জিয়াকে মুক্ত করা এবং দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার মাধ্যমেই তার জীবনের বড় কাজ সম্পন্ন হয়েছে। একজন নেতার জন্য এমন নিবেদিতপ্রাণ ও অনুগত ‘সাহাবী’ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে একই সঙ্গে আনন্দ ও হতাশার বলে উল্লেখ করে ফাহাম জানান, জাতি হিসেবে অভিভাবক হিসেবে পাওয়ার মতো সঠিক মানুষকেই রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। তবে বিএনপিতে এমন একজন নেতার শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন হবে বলে তিনি মনে করেন। কোনো ধরনের মারদাঙ্গা রাজনীতি বা ক্ষমতার প্রদর্শন ছাড়াই তিনি সাধারণ মানুষ ও ভিন্ন মতাদর্শের কাছেও শ্রদ্ধা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান রয়েছে, মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই এক বড় প্রমাণ বলে উল্লেখ করেন এই গবেষক।