• আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১০ অনন্য বৈশিষ্ট্য

| নিউজ রুম এডিটর ৮:৪৫ পূর্বাহ্ণ | ২৬/০৮/২০২৬ অন্যান্য

হজরত মুহাম্মদ (সা.) উত্তম চরিত্রের অনন্য বাতিঘর। তাঁর জীবন পুণ্য ও কল্যাণের আলোয় সমুজ্জ্বল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাঁর চারিত্রিক সুষমা ও উত্তম আদর্শের কথা ঘোষণা করেছেন। মানবজাতির জন্য তাঁর জীবনে রয়েছে মুক্তির অনুপম পাথেয়। নিচে মহানবী (সা.)-এর ১০টি অনন্য বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

কোমল হৃদয়: রাসুলুল্লাহ (সা.)-এর হৃদয় ছিল ভালোবাসায় আকীর্ণ। সৃষ্টিকুলের প্রতি তাঁর অপরিসীম দয়া ছিল। তাঁর দয়াশীল আচরণ শত্রুর হৃদয়কেও বিগলিত করত। সাহাবি আবু সুলাইমান মালিক ইবনে হুওয়ায়রিস (রা.) বলেন, ‘নবী (সা.) ছিলেন কোমল হৃদয় ও দয়ার্দ্র।’

সহনশীলতা: রাসুলুল্লাহ (সা.)-এর ব্যবহার ছিল অত্যন্ত মৃদু ও কোমল। দাস-দাসী, কৃষ্ণাঙ্গ কিংবা গরিব—সবাই তাঁর কাছে সমান মর্যাদা পেত। দীর্ঘ সময় তাঁর সেবা করেও সাহাবি আনাস (রা.) কখনো তাঁর পক্ষ থেকে কোনো কটু কথা শোনেননি।

নম্রতা অবলম্বন: মুহাম্মদ (সা.) ধর্মের মৌলিক বিষয়াদি ছাড়া অন্য কোনো ব্যাপারে কখনো কঠোরতা দেখাতেন না। এমনকি অমুসলিমদের সঙ্গেও তিনি কোমল আচরণ করতেন এবং সাহাবিদের নম্রতার শিক্ষা দিতেন।

রহমতের নবী: আল্লাহ তাআলা মুহাম্মদ (সা.)-কে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্বমানবতার পরিপূর্ণ কল্যাণ ও মুক্তির বাণী নিয়ে তিনি পৃথিবীতে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন।

গাম্ভীর্যপূর্ণ উত্তম আচরণ: রাসুল (সা.) মানুষের সঙ্গে সবসময় উত্তম আচরণ করতেন। তাঁর গাম্ভীর্যের প্রভাব গভীর হলেও তাঁর চেয়ে প্রেমময় ও অন্তরঙ্গ মানুষ দ্বিতীয়টি ছিল না। পরিমিতিবোধ ও উত্তম আচরণকে তিনি নবুওয়াতের অংশ বলেছেন।

সবাইকে গুরুত্ব দিতেন: রাসুলুল্লাহ (সা.) তাঁর কাছে আসা প্রতিটি মানুষের কথা অত্যন্ত গুরুত্ব ও মনোযোগ দিয়ে শুনতেন। কথা শেষ না হওয়া পর্যন্ত কিংবা হাত না ছাড়a পর্যন্ত তিনি নিজে থেকে কখনো মনোযোগ সরাতেন না। এমনকি ব্যস্ততার মাঝেও তিনি সবাইকে সমান গুরুত্ব দিতেন।

মানুষকে শালীনভাবে ভালো কথা বলা: নবী কারিম (সা.) কারও সরাসরি দোষত্রুটি ধরে সমালোচনা করতেন না। বরং কোনো ভুল দেখলে তিনি সাধারণভাবে সংশোধনমূলক কথা বলতেন, যাতে কেউ কষ্ট না পায়।

নিরহংকারী জীবনযাপন: রাসুল (সা.) অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তাঁর মধ্যে কোনো দম্ভ বা অহংকার ছিল না। মদিনার যেকোনো সাধারণ দাস-দাসীও তাঁর হাত ধরে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারত এবং তিনি সানন্দে সেখানে যেতেন।

অসহায়ের প্রতি সহমর্মিতা: নবী (সা.) সবসময় অসহায়ের পাশে দাঁড়াতেন। গরিব, এতিম, বিধবা ও দুর্দশাগ্রস্ত মানুষের প্রয়োজন মেটানো এবং তাদের সান্ত্বনা দেওয়ায় তিনি ব্রতী ছিলেন।

অত্যন্ত লজ্জাশীল: মুহাম্মদ (সা.) ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ। আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, তিনি পর্দানশীন কুমারী মেয়ের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। অপছন্দনীয় কোনো কিছু দেখলে তাঁর চেহারার অভিব্যক্তি থেকেই তা বোঝা যেত।