• আজ

‘সাঈদী রাজাকার ছিলেন না, অর্থের প্রলোভনে বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন’

‘সাঈদী রাজাকার ছিলেন না, অর্থের প্রলোভনে বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন’

জামায়াতে ইসলামীর প্রয়াত নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মানিক পশারীর মৃত্যুর পর তার দাফন নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এর মধ্যে মানিক পশারীর ছোট ভাই চাঁন মিয়া পশারীর একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ‘অর্থের প্রলোভনে তার বড় ভাই সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন এবং মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন।’ তবে সম্প্রতি সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে চাঁন মিয়া বলেছেন, ‘তাকে কেউ টাকার লোভ দেখায়নি।’

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়িতে গিয়ে সাংবাদিকেরা চাঁন মিয়া পশারীর কাছে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে জানতে চান। ভিডিওতে থাকা ব্যক্তি তিনি কি না, এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, বক্তব্যটি তারই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁন মিয়া পশারী বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী রাজাকার ছিলেন না। সে সময় সাঈদী অনেক ছোট ছিলেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, রাজাকার ছিলেন রামেস মোল্লা, মোসলেম মাওলানা ও সেকেন্দার শিকদারের মতো ব্যক্তিরা।আগের সাক্ষাৎকারে অর্থের প্রলোভনের প্রসঙ্গ এলেও এবার চাঁন মিয়া বলেন, ‘আমারে কেউ টাকার লোভ দেখায় নাই। ভাই রাজি হইছে কিনা আমি জানি না।’

মানিক পশারী মুক্তিযোদ্ধা ছিলেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চাঁন মিয়া বলেন, তখন তার ভাই ম্যাট্রিক পাস করেছিলেন। তারা নিজেরা ছোট ছিলেন এবং জঙ্গলে গিয়ে পালিয়ে থাকতেন বলে জানান তিনি।নিজে মুক্তিযোদ্ধা দাবি করে চাঁন মিয়া বলেন, মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম তার ভাই দেননি। এর কারণ হিসেবে তিনি সাঈদী সাহেবের পক্ষে কথা বলার বিষয়টি উল্লেখ করেন। তার অভিযোগ, সাঈদীর প্রশংসা করতেন বলেই তার নাম মুক্তিবাহিনীর তালিকায় রাখা হয়নি।