
আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে দলটি প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি যাতে আর কখনও ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের জীবন আবারও হুমকির মুখে পড়তে পারে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির রাজনৈতিক অস্তিত্ব নেই। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতাও সরকার দেখছে না বলেও জানান মন্ত্রী।
আন্দালিভ রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতেও এ ধরনের রাজনীতির অধিকার তাদের থাকবে না। ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরবেন, এমন প্রচারণাকে রাজনৈতিক ব্লাফ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।
বিগত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকারও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও দমন-পীড়নের নানা পদক্ষেপ নিয়েও শেষ পর্যন্ত তারা ক্ষমতা ধরে রাখতে পারেনি।
এ ছাড়া, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ হয়েছে, তার প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ আমানতকারীরা এখন ব্যাংক থেকে নিজেদের জমা টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় পৌঁছেছে। শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আন্দালিভ রহমান বলেন, ব্যাংকিং খাতের বর্তমান সংকটের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। অথচ সংকটের প্রকৃত কারণ ও অতীতের লুটপাটের চিত্র সংবাদমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন। একইভাবে বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্য নির্ধারণ বা ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগেও সাংবাদিকদের মধ্যে যে আতঙ্ক কাজ করত, এখন আর সেই পরিস্থিতি নেই। গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তার গ্রহণযোগ্যতা। তাই সরকারের সমালোচনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে হবে।
বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি আইন বহাল রাখার চেষ্টা চলছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা বন্ধে উদ্যোগ নেওয়া হবে। অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং ভুয়া সংবাদ প্রচারকারীদের নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও সরকার কাজ করছে।
এ সময় নিবন্ধিত গণমাধ্যমের স্থায়ী মর্যাদা নিশ্চিত করা, বিজ্ঞাপনপ্রাপ্তির সুযোগ বাড়ানো এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করার আশ্বাস দেন তিনি।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, একজন মালিকের হাতে একাধিক গণমাধ্যমের মালিকানা থাকা উচিত কি না, তা নিয়ে আলোচনা চলছে। অতীতে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিষয়ে বিচারের বিষয়টি সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান আন্দালিভ রহমান।























