
ইন্দোনেশিয়ার কাছে সমুদ্র এলাকায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্যমতে, ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
তবে অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, বান্দা সাগরের প্রায় ২৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে এর কম্পন অনুভূত হয়।
প্রাথমিক ভূকম্পন পর্যবেক্ষণে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছিল। এর কেন্দ্র ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমে বলে শনাক্ত করা হয়।
ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।























