• আজ

‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন’, সংসদে এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী

‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন’, সংসদে এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য প্রদানকালে সংসদ সদস্যদের আগাম করতালির প্রেক্ষিতে মজার ছলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন’।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের উত্তর প্রদান এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার সময় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

বক্তব্যকালে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নে এক বড় পরিকল্পনার কথা ঘোষণা করেন।

তিনি জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ার মাধ্যমে দেশের সব উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। এর মাধ্যমে প্রতিটি উপজেলা হাসপাতালে অতিরিক্ত ১০০টি করে শয্যা সংযুক্ত হবে।

উপজেলা হাসপাতালের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পূর্বে প্রতিটি উপজেলায় হাসপাতালগুলোতে ৩০ শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আরও ২০টি শয্যা যুক্ত করে সেটিকে ৫০ শয্যায় উন্নীত করেন। ফলে বর্তমানের ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শাসনমালেই সম্পন্ন হয়েছিল।

বিগত স্বৈরাচারী সরকারের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছিল, যাতে মানুষকে বাধ্য হয়ে একটি নির্দিষ্ট দেশে গিয়ে চিকিৎসা সেবা নিতে হয়।

তিনি আরও জানান, দেশে হাসপাতালে শয্যাসংকটের কারণে প্রায় ৪০ লাখ মানুষ মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হন, যা অত্যন্ত দুঃখজনক। বর্তমানের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও সরকার গত কয়েক মাসে দেশজুড়ে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করতে সক্ষম হয়েছে।

এর আগে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য তার এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলের স্বল্প আয়ের শ্রমিকদের (যাদের অধিকাংশের বেতন ১০ থেকে ২০ হাজার টাকা) সুচিকিৎসার সুবিধার্থে একটি সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। এর জবাবে আগামী সপ্তাহের মধ্যেই সেখানে ফিজিবিলিটি টেস্ট বা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস পুনর্ব্যক্ত করা হয়।

, ,