
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে নগরীর বটতলা এলাকার বাসভবনে এ ঘটনা ঘটে।
হামলায় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং নিচতলার গার্ড রুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসার নিচে থাকা গার্ডরুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন তারা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।























