
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না যে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। যদিও ভারতের কেউ কেউ বলেন, উনি নাকি এখনও প্রধানমন্ত্রী।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছু, সেটা পরের বিষয়। আমরা তাকে চাই, তাকে প্রত্যর্পণ করা হবে।’
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। এ লক্ষ্যে তিনি যে দেশে অবস্থান করছেন, সেই দেশের সরকারের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।
প্রত্যর্পণের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে হস্তান্তর করা হলে তাকে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি তিনি অন্য দেশের উড়োজাহাজে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি।























